জাতীয় সংসদের আসন্ন প্রথম অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
কমিটির সভাপতি জানান, ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের কাজ চলছে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিলটি প্রস্তুত করবে। সংবিধানের মৌলিক বিষয়গুলোতে কোনো সংশোধন আনা হলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের বাধ্যবাধকতা থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে প্রস্তাবনা বা ১৪২ অনুচ্ছেদের মতো সাংবিধানিক বিধানে পরিবর্তন এলে গণভোটের বিষয়টি অপরিহার্য হয়ে পড়বে।
গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে আগে থেকেই সাংবিধানিক গণভোটের বিধান ছিল, যা আওয়ামী লীগ সরকারের সময় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়েছিল। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে ১৪২ অনুচ্ছেদের সেই বিধান পুনরায় ফিরে এসেছে। মন্ত্রী বলেন, সংশোধনী পাস হওয়ার পর যেসব ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক, সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের মতামতের জন্য পাঠানো হবে। গণভোটে ইতিবাচক রায় পাওয়ার পরই রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।
কমিটির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী করার প্রস্তাবের বিষয়ে মন্ত্রী জানান, ভবিষ্যতে কোনো সংসদ যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট বিধান পরিবর্তনের ক্ষেত্রেও গণভোট বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া জুলাই জাতীয় সনদ ও নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলোকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
বিরোধী দলকে সংবিধানে সংশোধনের প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা কমিটিতে যোগ দিলে তাদের বক্তব্য ও প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তিনি বলেন, কমিটির পক্ষ থেকে তাদের বারবার আহ্বান জানানো হচ্ছে, তবে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষমতা কমিটির নেই।

