ভারতের সরকারি বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ জুলাই) সকালে নয়াদিল্লির ১০ জনপথে নিজের বাসভবনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপরই রাহুল গান্ধী মন্তব্য করেন যে, এখন সময় এসেছে মোদি সরকারকেও সরানোর।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল গান্ধী দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি লিখেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমাদের নিয়ে আমরা গর্বিত। গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যারা রাজপথে নেমে দৃঢ় অবস্থান নিয়েছ, সেই প্রতিটি তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
তবে রাহুল গান্ধী স্পষ্ট করেছেন যে, শিক্ষার্থীদের আন্দোলনের আরও দুটি দাবি এখনও পূরণ হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান দেখিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া সমাজের অন্যান্য অংশ যেমন কৃষক, শ্রমিক, দরিদ্র এবং এই সরকারের দমন-পীড়নের শিকার প্রত্যেক মানুষের জন্যও প্রকৃত সাহস হলো সাংবিধানিক পথে নিজেদের মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা।

