বাংলা কিউআর লেনদেনে অক্টোবর থেকে সব মার্চেন্টের জন্য বাড়তি প্রণোদনা

বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রমকে আরও বেগবান করতে প্রণোদনার পরিধি বিস্তৃত করেছে বাংলাদেশ ব্যাংক। এতদিন শুধুমাত্র ব্যক্তিগত রিটেইল হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টগুলো এই সুবিধা পেলেও, এখন থেকে ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট পয়েন্টকে এই আওতাভুক্ত করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনায় প্রণোদনার হার অপরিবর্তিত রাখা হয়েছে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে বাংলা কিউআরভিত্তিক প্রতিটি যোগ্য লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের অর্থের শূন্য দশমিক ১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ প্রণোদনা পাবে। অর্থাৎ ১ হাজার টাকার লেনদেনে অ্যাকুয়ারিং প্রতিষ্ঠান ১ টাকা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ২ টাকা—মোট ৩ টাকা প্রণোদনা পাবে। ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে এই প্রণোদনা সর্বোচ্চ ৬ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই প্রণোদনা সরাসরি গ্রাহকরা পাবেন না, বরং এর লক্ষ্য হলো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণে উৎসাহিত করা।

একই সঙ্গে বাংলা কিউআর কোডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে লেনদেন আটকে যাওয়া বা বিলম্বিত হওয়ার মতো জটিলতা নিরসনে একটি নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো কার্ড লেনদেনের চেয়েও দ্রুত বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা, যাতে সাধারণ ব্যবহারকারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্টের প্রতি আস্থা বজায় থাকে।

নীতিমালা অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে লেনদেন ব্যর্থ হলে এবং গ্রাহকের হিসাব থেকে টাকা কেটে নেওয়া হলে, কোনো অভিযোগ ছাড়াই সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে সেই অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দিতে হবে। একই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ বিরোধ তিন কার্যদিবসের মধ্যে এবং ভিন্ন ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে এনপিএসবির মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত সমাধান করতে হবে। এছাড়া কারিগরি জটিলতা কমাতে লেনদেন সফল হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে যাচাইয়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে বা অযৌক্তিকভাবে গ্রাহকের দাবি প্রত্যাখ্যান করলে ‘বাংলাদেশ পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।