নাটোরের তেবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সাইদ (৬০) নামের এক সাইকেল চালক প্রাণ হারিয়েছেন। সকালে বাইসাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে তিনি তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় হাসপাতালের খাতায় তাকে ‘অজ্ঞাতনামা’ হিসেবে নথিভুক্ত করা হয়েছিল এবং মরদেহ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত আবু সাইদের বাড়ি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের দয়ারামপুর এলাকায়।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনার খবর তারা পেয়েছেন। বিস্তারিত তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

