প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু বলেছেন, পতনের পর আওয়ামী লীগ নেতারা লেঙ্গুর গুটিয়ে ভারতে পালিয়ে গিয়ে ফেসবুকে তারেক রহমানের সরকার পতনের হুঙ্কার দিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, এসব হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ীই আমরা দায়িত্ব পালন করে যাব।
শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী চলমান ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়েছিল।
সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আসার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হয়। এতে যারা তেল সরবরাহ করত তারা তা বন্ধ করে দেয়। এরপরও আমরা অতি উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি করে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। এরপর বিতরণের মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও আমরা সাধ্যমতো কাজ চালিয়ে গেছি।
জামায়াত প্রসঙ্গে ইকবাল হাসান টুকু বলেন, আমরা জামায়াতকে চিনি এবং তাদের চরিত্র সম্পর্কে অবগত। আন্দোলনের আগে যারা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল, আন্দোলনের পর তাদের অনেকেই এখন বিপ্লবী সেজেছে।
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমা রেজা এবং সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হকসহ অন্যান্যরা।

