জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে, বাংলাদেশ এখন ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত। শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনের ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে জেপি মর্গানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে তিনি এ কথা বলেন।
নিজের রাজনৈতিক জীবনের শুরুর দিকে ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী পরিবেশ অপরিহার্য। তিনি বলেন, একজন বাংলাদেশি এবং রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছেন। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যেমন নিজেদের স্বার্থে কাজ করেন, তেমনি তার মূল লক্ষ্য বাংলাদেশ ও এর জনগণের সাফল্য নিশ্চিত করা।
তারেক রহমান বলেন, ১৮ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ এখন ক্রমবর্ধমান বাজার ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে অপার সম্ভাবনার আধার। বিশ্ব বাংলাদেশকে তৈরি পোশাক ও উৎপাদন খাতের কেন্দ্র হিসেবে চিনলেও, জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, কৃষি ও স্বাস্থ্যসেবার মতো নতুন নতুন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।
সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ ও স্থিতিশীল করার লক্ষ্যে নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার সুবিধাসহ বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদারে সরকার কাজ করছে বলে তিনি জানান।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য নতুন রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী আরও জানান যে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের স্বার্থ ও বিভিন্ন বিষয় সরাসরি তদারকি করবেন। তিনি ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দীর্ঘমেয়াদী অংশীদারত্বের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের সব ধরনের বাধা দূর করতে তার সরকার প্রস্তুত।

