সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএর বিশেষ সম্মাননা

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করেছে ক্রিকেট সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএ-র সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।

সমর্থকদের কাছ থেকে এমন স্বীকৃতি ও ভালোবাসা পেয়ে আবেগপ্লুত তাইজুল ইসলাম বলেন, মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। সমর্থকরা না থাকলে আমাদের পারফরম্যান্সের পূর্ণতা আসে না। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। এভাবেই সবসময় আমাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২টি উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম বোলার তাইজুল। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ১৯ বার ইনিংসে ৫ উইকেট এবং ২ বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। ২০১৪ সালে অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে খেলছেন এই অভিজ্ঞ স্পিনার। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওয়ানডেতে ৩১টি এবং ২টি টি-টোয়েন্টিতে ১টি উইকেট রয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭টি, লিস্ট ‘এ’-তে ২১৪টি এবং স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট শিকার করেছেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত অলাভজনক সংগঠন বিসিএসএ ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সমর্থনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।