কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী সীমান্তের ইশাকের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪০ হাজার পিস।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই এলাকার মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বেলা ২টা ৫০ মিনিটের দিকে নিয়মিত টহলের সময় জীম্বংখালী বিওপির একটি বিশেষ দল ইশাকের ঘের এলাকায় মাছের ঝুড়ি হাতে দুই যুবককে সীমান্তের দিক থেকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে তাদের হাতে থাকা মাছের ঝুড়ি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো চারটি নীল কার্টন পাওয়া যায়, যার ভেতরে ৪০ হাজার পিস ইয়াবা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

