মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ঘটনার বিবরণে জানা যায়, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পালকী পরিবহনের একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে সেটির চাকা বিকল হয়ে পড়ে। এ সময় বাসটি সড়কের পাশে থামিয়ে রাখা হয়েছিল। ঠিক তখনই বরিশাল থেকে ছেড়ে আসা দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস পেছন থেকে পালকী পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী রয়েছেন। খবর পাওয়ার পর ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তির ব্যবস্থা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে।

