বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব ঘটলেও দ্রুতই দেশের সামগ্রিক গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী ব্যাখ্যা করেন যে, সাগরে বিরূপ আবহাওয়ার প্রভাবে এলএনজিবাহী জাহাজ ভিড়তে ও গ্যাস খালাস করতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এর সাময়িক প্রভাবে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যায়। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে খালাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ফলে আজকের মধ্যেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যশোরবাসীর জন্য সুখবর দিয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার প্রয়োজনে যেন অন্য জেলায় ছুটতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। এর আগে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

