বড়াইগ্রামে গুজব ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আহম্মেদপুর এলাকায় ভুক্তভোগী ব্যক্তি ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, আহম্মেদপুরে জমি নিয়ে চলমান একটি বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ছবি ব্যবহার করে ফেসবুকে ‘ঢাকার কমলাপুরে ককটেলসহ চার জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। তারা দাবি করেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারী ওই পোস্টটি শেয়ার করেছিলেন।

ভুক্তভোগীরা এই তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন। মানববন্ধনে তারা প্রশ্ন তোলেন, “আমরা যদি ঢাকার কমলাপুরে ককটেলসহ গ্রেপ্তার হয়ে থাকি, তাহলে আহম্মেদপুরে দাঁড়িয়ে মানববন্ধন করছি কীভাবে?” তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।