গভীর সংকটে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, প্রশাসনিক অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৫

তীব্র প্রশাসনিক স্থবিরতা ও সীমাহীন অনিয়মে গভীর সংকটের মুখে দাঁড়িয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। অতীতে প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব ও দক্ষ প্রশাসকদের পরিচালনায় প্রতিষ্ঠানটির সুনাম দেশজুড়ে থাকলেও বর্তমানে চরম অদূরদর্শিতা, অপেশাদারিত্ব ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও অংশীজনদের দীর্ঘদিনের ক্ষোভ এবং একের পর এক নীতিবহির্ভূত সিদ্ধান্তের ফলে এই জাতীয় প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও ভবিষ্যৎ এখন হুমকির মুখে।

প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা খুবই খারাপ বলে উল্লেখ করেছেন প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার এক জ্যেষ্ঠ প্রশিক্ষক। তিনি জানান, ব্যবস্থাপনা থেকে শুরু করে সব স্তরেই চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। প্রশিক্ষণার্থীদের জন্য উন্নতমানের যন্ত্রপাতি থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার নেই এবং অযত্ন ও অবহেলায় সেগুলো ধ্বংসের পথে। নিমকোর প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তাও একই কথা স্বীকার করেছেন। তিনি জানান, প্রশিক্ষণার্থী সংকট ছাড়াও বিশৃঙ্খল অবস্থার কারণে কর্মীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন নিমকোর মূল চালিকাশক্তি হলো প্রশিক্ষণ কার্যক্রম, কিন্তু বর্তমান প্রশাসনের অদক্ষতার কারণে সেখানে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে। আমার দেশ-এর হাতে আসা নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, বিগত অর্থবছরে অনুমোদিত প্রশিক্ষণ কার্যক্রমের প্রায় ৫০ শতাংশ স্থগিত বা বাতিল করা হয়েছে। মাঠপর্যায় থেকে প্রশিক্ষণার্থী না পাওয়ার অজুহাত দেখিয়ে এবং নিজেদের পেশাগত অদক্ষতা ঢাকতে মন্ত্রণালয়ে ভুল বার্তা পাঠিয়ে কোর্স সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের সৃজনশীল প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট’ সেশন চালুর নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। বিয়াম, নাডা বা পিএটিসির মতো প্রতিষ্ঠানের কাজ হওয়া সত্ত্বেও নিমকোর মহাপরিচালক (ডিজি) নিজেই অনুমোদনকারী হিসেবে এসব কোর্সে ক্লাস নিয়ে মোটা অঙ্কের সম্মানী নিয়েছেন। নথিপত্র অনুযায়ী, ডিজি মুহম্মদ হিরুজ্জামান ২০২৫-২৬ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবদ প্রায় ছয় লাখ টাকা সম্মানী নিয়েছেন।

প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তার মতে, সাংবাদিকদের জন্য বরাদ্দ ৫০ লাখ টাকার পুরস্কারের বাজেট বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকাশনা ও সফটওয়্যারসংক্রান্ত বুদ্ধিবৃত্তিক প্রকল্পের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভৌত সম্পদের রক্ষণাবেক্ষণেও চরম উদাসীনতা দেখা গেছে। কোরিয়ান অনুদানে পাওয়া কোটি টাকা মূল্যের আধুনিক শুটিংভ্যানটি ২৯ ডিসেম্বর হস্তান্তরের পর দীর্ঘ সময় পার হলেও এখনো বিআরটিএ নিবন্ধন করা হয়নি। ভ্যানটি এক দিনের জন্যও ব্যবহার না করে মূল গেটের পাশে খোলা আকাশের নিচে ফেলে রাখায় তা প্রায় নষ্ট হওয়ার উপক্রম। এছাড়া দীর্ঘদিনের অকেজো বিদ্যুৎ সাবস্টেশন ও লিফট প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।

প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সম্পর্ক ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি দক্ষ কর্মকর্তাদের বাদ দিয়ে অভিজ্ঞতাহীন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় যোগাযোগ ঘাটতি তৈরি হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভীতি ছড়াতে গত দুই মাসে অন্তত ২০টি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে ডিজিকে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।