১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি ১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকে এবং আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদক নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যা প্রতিরোধে সরকারের পাশাপাশি পুরো জাতি ও জনগণকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষক সমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে শিক্ষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, মেধাবী শিক্ষার্থীরাও অনেক সময় মাদকের প্রলোভনে পড়ে পথভ্রষ্ট হয়। এমন কোনো শিক্ষার্থীর সন্ধান পেলে তাকে ঘৃণা বা আইনের হাতে তুলে না দিয়ে অভিভাবক ও শিক্ষকের সমন্বয়ে মমতা ও ভালোবাসার মাধ্যমে সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, অল্প বয়সে নানা ধরনের প্রলোভন আসে, তবে সেসব প্রলোভনে পা দেওয়া যাবে না।
রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানটি দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে খ্যাতিমান শিক্ষাবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এই প্রতিষ্ঠানের রাষ্ট্রদূত এবং আপনাদের আচার-আচরণ ও মূল্যবোধ অন্যদের জন্য অনুসরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম এবং উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জি।

