মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির তারিখ ও সময়সূচিতে পরিবর্তন

আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বিদায়ী ম্যাচ মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অগণিত ভক্ত-সমর্থক। তবে এই ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রমে হঠাৎ পরিবর্তন এনেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগে ঘোষণা করা হয়েছিল ২২ সেপ্টেম্বর থেকেই টিকিট বিক্রি শুরু হবে, কিন্তু সেই সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের সেপ্টেম্বর-অক্টোবর ফিফা উইন্ডোর তিনটি ম্যাচের ক্ষেত্রেই এই নতুন সময়সূচি কার্যকর হবে। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।

টিকিট সংগ্রহের জন্য আগ্রহী দর্শকদের দিপোর্তিক ডটকম ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কেনার সুযোগ পাবেন। আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন মেসি। এছাড়া ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে এবং ২ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম রীতিমতো আকাশচুম্বী। আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটের দাম এএফএ বাংলাদেশ সময় পরশু রাতে প্রকাশ করেছে। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম রাখা হয়েছে ২৯ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া সাধারণ গ্যালারির পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার বা ১ কোটি ১০ লাখ টাকা। সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডের টিকিটের দাম ১ লাখ ৮০ হাজার ডলার বা ২ কোটি ২১ লাখ টাকা এবং সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা।