ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জামানতের অংক পাঁচ গুণ বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চেয়ারম্যান পদে লড়তে হলে প্রার্থীর জামানত ৫ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। একইভাবে সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদের প্রার্থীদের জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন কর্তৃক বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬-এর সংশোধনীতে এই নতুন বিধানগুলো যুক্ত করা হয়েছে। এর আগে ইসি এই খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল। মন্ত্রণালয়ের আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটটি প্রকাশিত হলো। স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠান যেমন উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদের নির্বাচন বিধিমালাগুলোও বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।
সংশোধিত বিধিমালায় জামানত জমার ক্ষেত্রে ট্রেজারি চালান, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুকূলে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো প্রার্থী একাধিক মনোনয়নপত্র দাখিল করলেও তাকে অতিরিক্ত জামানত দিতে হবে না। জামানত ফেরতের বিষয়ে বলা হয়েছে, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের অন্তত ১৫ শতাংশ পেলে তার জামানতের অর্থ ফেরত পাবেন। অন্যথায় সেই জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হবে। এছাড়া ফলাফল প্রকাশের ছয় মাসের মধ্যে জামানত ফেরত না নিলে তা অফেরৎযোগ্য হিসেবে সরকারি কোষাগারে চলে যাবে।
জামানতের পাশাপাশি নির্বাচনী ব্যয়ের সীমাও দ্বিগুণ করা হয়েছে। নতুন নিয়মে চেয়ারম্যান পদের প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং সদস্য পদের প্রার্থীরা সর্বোচ্চ ২ লাখ টাকা ব্যয় করতে পারবেন। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এই ব্যয়সীমা কঠোরভাবে প্রযোজ্য হবে। এ ছাড়া চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব পরিচালনার জন্য তপশিলি ব্যাংকে আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে এবং ২০ হাজার টাকার বেশি যেকোনো ব্যয় অবশ্যই চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

