দেশের বিদ্যুৎ বিতরণ আধুনিকীকরণে এডিবি দিচ্ছে ২ হাজার ৪৬০ কোটি টাকা

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, এই ঋণের মোট পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৪৬০ কোটি টাকা।

‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক এই প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে (বিআরইবি) সহায়তা প্রদান করা হবে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ঢাকার পার্শ্ববর্তী দ্রুত বর্ধনশীল শিল্প ও শহরাঞ্চলে সেবা প্রদানকারী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নত করা। এডিবির ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাবস্টেশনে অতিরিক্ত লোড, পুরোনো অবকাঠামো, বিদ্যুৎ অপচয় এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানান, অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অপরিহার্য। এই প্রকল্পটি উন্নত প্রযুক্তি ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে ঢাকার নিকটবর্তী এলাকাগুলোর বিদ্যুৎ ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তুলবে।

প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার ক্ষমতার নতুন ট্রান্সফরমার স্থাপন এবং বিদ্যমান ১২টি সাবস্টেশনের সক্ষমতা ১১৫ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার বাড়ানো হবে। এছাড়া নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার ৬০০ কিলোমিটারেরও বেশি ওভারহেড ও আন্ডারগ্রাউন্ড বিতরণ লাইন নির্মাণ বা উন্নয়ন এবং ইনসুলেটেড কন্ডাক্টর স্থাপন করা হবে। সিস্টেম পরিচালনার আধুনিকায়নে নদী-পারাপারের উপযোগী সঞ্চালন কাঠামো ও সুইচিং স্টেশন নির্মাণের পাশাপাশি দ্রুত ত্রুটি শনাক্তকরণের জন্য ৯০০টি ফল্ট লোকেটর সেট স্থাপন করা হবে।

এই প্রকল্পের জন্য এডিবির বিশেষ ‘রেজিলিয়েন্স ফাইন্যান্সিং’ বা দুর্যোগ-সহনশীলতা বিষয়ক অর্থায়নের পরিমাণ ১৪ দশমিক ৬৫ কোটি ডলার। এই অর্থায়নের আওতায় পরিবেশবান্ধব গ্যাস-ইনসুলেটেড সুইচগিয়ার প্রযুক্তির মতো অভিযোজন-সহায়ক ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে, যা কারিগরি অপচয় কমিয়ে বার্ষিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রায় ২০৩৭৫১ টন কমাতে সহায়তা করবে। এছাড়া প্রকল্পটি বিদ্যুৎ খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলোকে উৎসাহিত করবে।