যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এই সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

