কবুতরের ঘরে সিসিটিভি ক্যামেরা, হ্যাকিংয়ের গুরু ওহিদুল গ্রেপ্তার

গ্রেপ্তার এড়াতে এবং পুলিশের ওপর নজরদারি রাখতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) নিজ বাড়িতে অন্তত ২০টি সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন। হ্যাকিংয়ের কাজে ব্যবহারের জন্য তিনি ৬৮টি সিম কার্ড অদলবদল করে ৭টি মুঠোফোনে ব্যবহার করতেন। সোমবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওহিদুল মোল্লা ওই এলাকায় হ্যাকার সম্রাট হিসেবে পরিচিত এবং তাঁর অধীনে একটি হ্যাকার চক্র গড়ে উঠেছে। স্থানীয় হ্যাকাররা তাঁকে গুরু হিসেবে মানতেন। পুলিশের নজর এড়াতে ওহিদুল প্রধান সড়ক থেকে নিজের বাড়ি পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন, যাতে পুলিশ আসার আগেই তিনি পালাতে পারেন।

পুলিশ আরও জানায়, ওহিদুল তাঁর প্রাচীরঘেরা পাকা বাড়ির একটি কক্ষে কবুতর রাখার বাসা তৈরি করেছিলেন। সেই ঘরের ভেতরেই ছিল তাঁর ঘুমানোর বিছানা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে সেখানে মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। ওই কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, সিসিটিভি মনিটরসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা ছিল। সেখান থেকেই তিনি অন্যের মুঠোফোনের নিয়ন্ত্রণ নিতেন। যাতায়াতের জন্য তিনি দামি মোটরসাইকেল ব্যবহার করতেন।

অভিযানের সময় পুলিশ তাঁর ঘর থেকে ৬৮টি সিম কার্ড উদ্ধার করেছে। সেগুলোর নম্বর সাদা কাগজে ছক করে রাখা ছিল এবং কোন সিম দিয়ে বিকাশ বা নগদ ব্যবহার করা হতো, তার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হতো। ওহিদুল ডিজিটাল প্রতারণার মাধ্যমে হ্যাকিং কার্যক্রম চালাতেন।

এ ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন। মামলায় ওহিদুল ছাড়াও তাঁর পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওহিদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।