ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কোস্ট গার্ড বেইস ভোলার একটি বিশেষ দল এই অভিযান চালায়। আটককৃতরা হলেন শাহজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি ও আলমগীর মাঝি।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চর মোজাম্মেল চরে এই অভিযান পরিচালিত হয়। ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেওয়া ওই ডাকাত দলকে ঘিরে ফেলে কোস্ট গার্ডের বিশেষ টিম।
অভিযানকালে ডাকাতদের আস্তানা তল্লাশি করে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং দুই রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া চারটি দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

