শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার ২

রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।

স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার কাইল্লা বাদল মোহাম্মদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পাপু ওরফে কিলার পাপ্পুর প্রধান সহযোগী। দীর্ঘদিন ধরে সে পাপ্পুর হয়ে মোহাম্মদপুর তিন রাস্তা, বসিলা সড়ক এবং ফুটপাতে চাঁদাবাজির নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মোহাম্মদপুর এলাকায় কাইল্লা বাদলের সহযোগী হিসেবে ন্যাকেট শাকিল, ভান্ডারি ইমন, ভাইগ্না ইয়াসিন এবং আরমান-শাহরুখ গ্রুপ সক্রিয় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে কাইল্লা বাদলের বিরুদ্ধে হত্যা, সমন্বয়কের ওপর হামলা ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধের অভিযোগ সামনে এসেছে।

অন্যদিকে, গ্রেপ্তার রিপন মাস্টার মোহাম্মদপুরের আরেক সন্ত্রাসী লাল্লুর নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি করে আসছিল। সম্প্রতি বসিলা এলাকার কয়েকজন ব্যবসায়ীকে মোবাইল ফোনে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাত ৮টার দিকে নিউমার্কেটের পেছনের অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহ্ নেওয়াজ छात्रাবাসের সামনে টিটনকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর বরাত দিয়ে জানা যায়, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীরা ক্যাপ ও মাস্ক পরা ছিল এবং আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ টিটনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের পর টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ভাঙারি রনির নাম উল্লেখ করা হয়। এজাহার অনুযায়ী, বসিলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে টিটনের সঙ্গে পিচ্চি হেলালের দীর্ঘদিনের বিরোধ চলছিল, যা এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ বলে ধারণা করা হচ্ছে।