জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উপজেলার টাকাহুত গ্রামের মধুবন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে কালাই থানাধীন ওই এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে সন্দেহভাজন সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়। পরে রাত ৮টার দিকে গণমাধ্যমে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হেলাল উদ্দিন (৩০), বগুড়া পৌরসভার রহমান নগর এলাকার মৃত আসলামের মেয়ে শারমিন (২৬) এবং জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা দিঘীরপাড় এলাকার মৃত চুড়কু কর্মকারের ছেলে বাবু কর্মকার (৪৫)।
জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাইয়ের টাকাহুত মধুবন এলাকায় অভিযান চালিয়ে এই ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইতিমধ্যে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০: ১৮ মিনিটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

