প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১: ২৫ (21 September 2026, 01:25)
কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেছেন যে, জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগের দোসররা নাশকতার মাধ্যমে জনগণের মনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তবে এসব নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
গত রবিবার কমলাপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হাওর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিমন্ত্রী জানান, এই নাশকতার ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে। জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
পতিত সরকারের দোসরদের ইঙ্গিত করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তারা আগামী ডিসেম্বরে আন্দোলনের ঘোষণা দিলেও এখন নাশকতার পথ বেছে নিয়েছে। দেশের মানুষ তাদের বিতাড়িত করায় তারা পালিয়ে বেড়াচ্ছে এবং তাদের কোনো জনসমর্থন নেই। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা ও মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
স্টেশনের সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রেল কর্তৃপক্ষ, আরএনবি, রেল পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতার সম্ভাব্য প্রবেশপথগুলো চিহ্নিত করার পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী। অগ্নিকাণ্ডের কারণে রেলের শিডিউলে প্রায় এক ঘণ্টার বিপর্যয় ঘটলেও পরবর্তীতে আর কোনো শিডিউল বিপর্যয় হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, নাশকতা করে কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণই তাদের প্রতিনিধি। তাই প্রশাসন ও সাধারণ মানুষ একযোগে এই নাশকতা প্রতিহত করবে।

