পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা নামের ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সজল মৃধা একই ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত সজল মৃধা তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাতে কিশোরীর বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সজল। পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মামলা হওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সজল মৃধাকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) ইলিয়াস মুন্সি জানিয়েছেন, ঘটনার পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার প্রক্রিয়াও গ্রহণ করা হবে।

