সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর মামার করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি এই জামিননামা জমা দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে এ মামলায় আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম, আজ তিনি সেই জামিননামার আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।
মামলার বাদী ওবায়দুর রহমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন এবং তিনি নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মামা। গত ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ইসলাম (৭৪) ছাড়াও আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)-কে আসামি করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ওবায়দুর রহমান তাঁর বোনের বাসায় থাকার সময় আত্মীয়তার সুবাদে নজরুলের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে নজরুলের সঙ্গে ওবায়দুরের ভাগনির অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে জানান এবং নজরুলকে সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নজরুল তাকে প্রাণনাশের হুমকি দেন। এছাড়া সাম্প্রতিক সময়ে মগবাজারের একটি চক্রের ব্ল্যাকমেলের ঘটনায় নজরুল সন্দেহ করেন যে ওবায়দুরই ভিডিও ধারণ করে তথ্য পাচার করেছেন। এই সন্দেহের জেরে ১৪ জুলাই আমিনুর রহমানের নেতৃত্বে অন্য আসামিরা ওবায়দুরকে ড্রয়িংরুমে ডেকে নিয়ে মারধর করেন এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুরের মা ও বোন চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে বিজয়ী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি আলোচনায় আসে। নজরুল তার ফেসবুক আইডিতে মরিয়ম বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং জানান, ১৭ জুন পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। এই ঘটনার পর জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে।

