সরকারি চাকরিজীবীদের পেনশনের নতুন নিয়ম ও বিধবা স্ত্রীর সুবিধা

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আজীবন পারিবারিক পেনশন পাওয়ার সুযোগ পাবেন, তবে এর জন্য পুনর্বিবাহ না করার শর্ত পূরণ করতে হবে। এই সুবিধা নিশ্চিত করতে প্রতি বছর একবার সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবাদের ক্ষেত্রে এই প্রত্যয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নের সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এই নিয়মাবলি ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। সরকার সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় নতুন হিসাব পদ্ধতি প্রবর্তন করেছে, যেখানে চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে নিট পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। পেনশনের হার নির্ধারণ করা হবে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে। পাঁচ বছর চাকরির ক্ষেত্রে পেনশনের হার হবে মূল বেতনের ২১ শতাংশ। এরপর প্রতি বছর চাকরিকাল বৃদ্ধির সাথে সাথে এই হারও বাড়বে। ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ, ২০ বছরে ৭২ শতাংশ, ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছর চাকরির ক্ষেত্রে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি চাকরিকালের ক্ষেত্রে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশে উন্নীত হবে।

বিদ্যমান পেনশনভোগীদের নতুন পেনশন নির্ধারিত হয়েছে গত ৩০ জুন পাওয়া নিট পেনশনের ওপর ভিত্তি করে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ১০০ শতাংশ, যা নতুন করে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকায় দাঁড়াবে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা। ৮০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে বৃদ্ধির হার ৫৫ শতাংশ, যেখানে নতুন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা। তবে বর্তমানে যারা ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন এবং পরবর্তীতে প্রজ্ঞাপন অনুযায়ী ইনক্রিমেন্ট কার্যকর হবে।

আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরির ক্ষেত্রে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিতে ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে। অবসর গ্রহণের সময় সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ ছুটি নগদায়নের সুযোগ রাখা হয়েছে। অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগ না করলেও নির্ধারিত শর্তে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হলে বা মারা গেলে বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।