সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে আরও এক হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে শনিবার নিশ্চিত হামে একজন এবং হাম সন্দেহে চারজন মারা গিয়েছিল এবং নতুন আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ২০ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫৬ জনের।

