বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সম্পাদক ফজলুর

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এই নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন দায়িত্ব পালন করে।

নির্বাচনে সারা দেশের অধস্তন জেলা আদালতগুলোর ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার হার ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে মো. কামাল হোসেন ১৩৩, মো. আসাদ-উদ-দৌলা (মাসুম) ৭২, মো. হাফিজুল ইসলাম ৪৭, মো. আবু ছায়েদ ২০ এবং আহসানুল কবির (স্বজন) ১৯ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের সংগঠনের সদস্য ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর নতুন নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা সংগঠনের লক্ষ্য অর্জনে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীদের ঐক্য ও সহযোগিতা কামনা করেছেন। সাধারণ ভোটার ও কর্মচারীরা নবনির্বাচিত কমিটির কাছে বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা চালু এবং পদোন্নতির জটিলতা নিরসনের মতো দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।