চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) এবং রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শনিবার দুপুর ৩টার দিকে প্রতিবেশী ও সমবয়সী হুজাইফা ও মাহফুজ আটলংকা দক্ষিণ সেনগ্রামের জনু মেম্বরের মালিকানাধীন একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে শুরু করেন।

নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে শিশু দুটির মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে তাদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।