পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাবনার ফরিদপুর উপজেলায় ১৩ বছর বয়সী শিশু সাকিব হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সামাজিক সংগঠন পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১০টায় উপজেলার ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এসে সমবেত হয় এবং সেখানে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা সাকিব হত্যার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে এলাকায় মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং বাল্যবিবাহসহ সকল প্রকার অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করা হয়।

পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ আলমের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।