দেশে বর্তমানে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন, তবে তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবকে এ পেশার অন্যতম বড় সংকট হিসেবে চিহ্নিত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘এনএসইউ ল ফেস্ট’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবী হিসেবে মানবিকতার চর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আদালতের একজন কর্মকর্তা হিসেবে আইনজীবীদের প্রধান দায়িত্ব হলো আদালতকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা।
আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রচলিত আইনে কোনো অসংগতি নজরে এলে তা সংশোধনের জন্য শিক্ষার্থীদের উচিত খসড়া প্রস্তাব তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানো। তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান আইনের অসংগতি নিরসনে শিক্ষার্থীদের চিন্তাশীল প্রস্তাব ও মতামত সরকারকে সমৃদ্ধ করবে।

