দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে মনিটরিংয়ে আসছে: ববি হাজ্জাজ

দেশের সরকারি ও বেসরকারি সব ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল তৈরি, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ধাপে ধাপে কার্যক্রমটি বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ: সরকার কতখানি এগোলো? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত' শীর্ষক এই সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জোর দিয়ে বলেন, কেবল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের মধ্যে শিক্ষার সাফল্য সীমাবদ্ধ রাখা যাবে না। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে কতটা শিখছে এবং তাদের অর্জিত ফলাফলে কী পরিবর্তন আসছে, সেটাই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের প্রধান মাপকাঠি। তিনি আরও উল্লেখ করেন, বাংলা ও ইংরেজি মাধ্যম কিংবা কিন্ডারগার্টেনসহ দেশের মাটিতে যে ধরনের প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানই থাকুক না কেন, সেগুলোতে শিক্ষার মান নিশ্চিত করার গুরুদায়িত্ব রাষ্ট্রের।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি) প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে অবকাঠামো, প্রযুক্তি ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে প্রকল্পভিত্তিক কাজ হয়েছে। এসবের প্রয়োজন থাকলেও এখন পুরো শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীদের শিখন ফলের ওপর ভিত্তি করে আরও কার্যকরভাবে সাজানো দরকার। এ ছাড়া শিক্ষক সংকট দূর করার পাশাপাশি শিক্ষক নিয়োগ, পেশাগত ক্যারিয়ার, মূল্যায়ন ও প্রশিক্ষণকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে দীর্ঘমেয়াদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সময়সূচি পুনর্বিন্যাস, এক শিফট চালু এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখনসময় নিশ্চিত করার বিষয়ে নতুন ভাবনার কথা জানান। একই সঙ্গে কারিকুলাম তৈরিতে শিশুমনোবিজ্ঞানী ও প্রারম্ভিক শিক্ষা বিশেষজ্ঞদের আরও সক্রিয়ভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং চিকিৎসক তাসনিম জারা। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। এ ছাড়া সংলাপে শিক্ষা সংশ্লিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।