গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে (৩৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুর্বৃত্তরা ভুক্তভোগীর কাছে আরও দুই লাখ টাকা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী নারী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে শরীফ মিয়া (২৩), আরিফ মিয়াসহ (২১) পাঁচ যুবক ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। শুরুতে তারা পানি ও কুড়াল চাইলে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে যায়। এ সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে যুবকেরা ঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং আলমারিতে থাকা বাড়ি নির্মাণের জন্য রাখা পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এরপর ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর ভাষ্যমতে, ধর্ষণের সময় রাজীব নামের এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন দিনের মধ্যে দুই লাখ টাকা দাবি করা হয়। প্রতিবেশীরা চিৎকারের শব্দ শুনে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।

গফরগাঁও থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি নির্জন এলাকা থেকে মো. রাজীবকে (২৩) আটক করে। পুলিশের দাবি, অভিযানের সময় ভিডিও ধারণের কাজে ব্যবহৃত মুঠোফোনটি রাজীব পানিতে ফেলে দিয়েছিল, যা পরে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। তবে ঘটনার সাথে জড়িত অন্য চারজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

ভুক্তভোগীর দেবর জানান, তার ভাবি নবম শ্রেণিপড়ুয়া ছেলেকে নিয়ে বাড়িতে একা থাকতেন। শুক্রবার বিকেলে থানায় এ বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে এবং পরিবারটি জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে দুজন ধর্ষণ করেছেন এবং অন্যরা বাইরে ছিলেন। তিনি আরও বলেন, অভিযোগের প্রতিটি বিষয় তদন্ত করা হচ্ছে। মেডিক্যাল রিপোর্টসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাইয়ের কাজ চলছে এবং অন্য জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।