দীর্ঘ এক যুগেরও বেশি সময় বিরতির পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পুনরায় ঢাকায় বাটেক্সপো ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এই আয়োজনকে সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং অনলাইন গণমাধ্যমে এর প্রচার বাড়ানোর আহ্বান জানান। এবারের প্রদর্শনীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ব্র্যান্ডিং কান্ট্রি’। বাংলাদেশের পোশাক খাতের অবস্থানকে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে গ্লোবাল অ্যাপারেল এক্সপো, গ্লোবাল অ্যাপারেল সামিট, এআই ও ইনোভেশন হাব এবং সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি এক্সপোজিশনসহ বিভিন্ন বিশেষায়িত বিভাগ থাকবে। এছাড়া জিআইজেডের উদ্যোগে টেকসই নেতৃত্ব পুরস্কার প্রদান এবং ফ্যাশন রানওয়ে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে পোশাক রপ্তানি, ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পণ্যের বৈচিত্র্যকরণ, জ্বালানি নিরাপত্তা এবং এলডিসি থেকে উত্তরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ব্যবসা সহজীকরণ এবং কাস্টমস ও ব্যাংকিং খাতের জটিলতা নিরসনে নীতিগত সহায়তার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিজিএমইএ এবং এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২৮ ও ২৯ অক্টোবর হংকংয়ে 'বাংলাদেশ অ্যাপারেল রোডশো হংকং ২০২৬' অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাপানের বাজারের সম্ভাবনা কাজে লাগাতে বিজিএমইএ কার্যালয়ে একটি বিশেষায়িত 'বিজিএমইএ-জাপান ডেস্ক' চালু করা হয়েছে, যা ২৩ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

