ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) এবং অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকসের পাশের পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে অটোরিকশাচালক ও দুই যাত্রী রয়েছেন। তাদের মরদেহ বর্তমানে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

