পাবনার ঈশ্বরদীতে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় শামসুল ইসলাম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের চরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রকিবুল ইসলাম উপজেলার কৈকুন্ডা গ্রামের মৃত মার্জিন হোসেনের ছেলে। আহত শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বিলকেদার চরে নিজ কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনই ঘটনাস্থলে দগ্ধ ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং আহত শামসুল আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, নিহত কৃষকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

