আগামী ৬ জুনের আগেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন

আগামী বছরের ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সবাই সম্মত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, কমিশন থেকে এর আগে যে তারিখ দেওয়া হয়েছিল তা ছিল মূলত একটি সম্ভাব্য সময়।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কমিশনের চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, পুলিশের আইজিপিসহ মোট ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

ইসি সানাউল্লাহ জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। তবে স্থানীয় সরকার নির্বাচন শুরুর নির্দিষ্ট সময় বা তারিখ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আজকের বৈঠক থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে কমিশন সভায় আলোচনার পরেই নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

বৈঠকে অংশগ্রহণকারী ২৬টি মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বিটিআরসি, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি, বাংলাদেশ ডাক বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।