জামায়াত প্রতিনিধিদলের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৬। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বারিধারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন এবং দেশের সামগ্রিক গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তার টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সেলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দলটি সংসদীয় কার্যক্রম সম্পর্কে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরে। পাশাপাশি দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা নিয়েও আলোচনা করা হয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংলাপ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর উভয় পক্ষই জোর দিয়েছে।