ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৪ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় চার হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এই চালানের আওতায় ৪৭ লাখ পাঁচ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।

পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আসার এই প্রক্রিয়া গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টায় শুরু হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কাজ সম্পন্ন হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ভারত থেকে মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।

ভারত থেকে আসা এই ডিজেল নিয়মিতভাবে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কম্পানি—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কম্পানির মধ্যে সমহারে বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। পাইপলাইনটি মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট গভীরে স্থাপন করা হয়েছে।