সিলেট সফরে রাষ্ট্রপতি, কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে পুরো নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। রাষ্ট্রপতির সফর উপলক্ষে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানানোর জন্য সিলেট বিএনপি বিশেষ প্রস্তুতি নিয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তার।

বিকেলে রাষ্ট্রপতির সফরের মূল আনুষ্ঠানিকতা হিসেবে বেলা সাড়ে ৩টায় নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি অংশ নেবেন। সফর শেষে ওইদিন রাতেই আকাশপথে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।