সরকারি নির্দেশনা মেনে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এই অভিযানটি চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন। এ সময় বাজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও খোলা দেখতে পায় প্রশাসনের দল। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।
ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সরকারি সব নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে এই নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান চলমান থাকবে। তিনি ব্যবসায়ীসহ সবাইকে নির্ধারিত সময়ের পর দোকানপাট বন্ধ রেখে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
অভিযান চলাকালীন কোটালীপাড়া পৌর বিএনপি ও ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় ও এর সুষ্ঠু ব্যবহারে ব্যবসায়ী, পেশাজীবীসহ সব সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

