পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের একটি যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে কাউখালী থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতি গ্রামের আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে। তিনি একটি চেক জালিয়াতির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিনি ৮ নম্বর পলাতক আসামি ছিলেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত বাবলু জোমাদ্দার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

