আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী হিসেবে লড়বেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এর আগে দলটির পক্ষ থেকে ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ এবং উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নাম ঘোষণা করা হয়েছিল। তবে নতুন বিন্যাসে উত্তরে আদীবের পরিবর্তে আসিফ এবং দক্ষিণে আসিফের জায়গায় পাটওয়ারীকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী বাছাইয়ের আগে পরিচালিত সমীক্ষায় এই দুই সিটিতে আসিফ ও পাটওয়ারীকে প্রার্থী করলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে বলে উঠে আসে।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে এই দুই নেতা তাদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ উত্তর সিটির আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন এবং নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর থেকে দক্ষিণ সিটির ঢাকা-৮ এলাকার ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন।
এনসিপি’র নীতিনির্ধারণী ফোরামের সদস্য ও মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার মানবজমিনকে জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে দলটি এককভাবে অংশ নেবে এবং আনুষ্ঠানিকভাবে পরে প্রার্থিতা ঘোষণা করা হবে। তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনে আলাদাভাবে ভোট করলেও ১১ দলীয় জোটের রাজনৈতিক ঐক্য অটুট থাকবে। তবে শরিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখা হবে যাতে কোনো সংঘাতের সৃষ্টি না হয়।

