বেসরকারি ব্যাংকে পরীক্ষা ছাড়া নিয়োগ বন্ধে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

বেসরকারি ব্যাংকের এন্ট্রি পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে কোনো ব্যাংকেই পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব এন্ট্রি পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সেসব পদে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এর মধ্যে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, প্রবেশনারি অফিসার, সিনিয়র অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসারের মতো সমপর্যায়ের পদ অন্তর্ভুক্ত রয়েছে। এসব নিয়োগের বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট ও চাকরির ওয়েবসাইটের পাশাপাশি অন্তত দুটি জাতীয় দৈনিকে প্রকাশ করতে হবে।

নিয়োগের ক্ষেত্রে সশরীরে উপস্থিতি অথবা অনলাইনে লিখিত বা নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। এন্ট্রি পর্যায়ের বাইরে অভিজ্ঞ প্রার্থীদের উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এছাড়া নতুন কর্মকর্তা-কর্মচারী যোগদানের এক বছরের মধ্যে তাদের সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যাচাই করতে হবে। বর্তমানে কর্মরতদের সনদের সত্যতা আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ বা চাকরিরত অবস্থায় কারো সনদ জাল প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তবে অন্য ব্যাংক থেকে আসা উচ্চতর পদের ক্ষেত্রে আগের প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র থাকলে নতুন করে সনদ যাচাইয়ের প্রয়োজন নেই।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিটি ব্যাংককে আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে একটি যুগোপযোগী ও সমন্বিত মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন বা হালনাগাদ করতে হবে। এই নীতিমালায় নিয়োগ, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলাজনিত ব্যবস্থা, যৌন হয়রানি প্রতিরোধসহ মোট ১৮টি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। আমানতকারীদের সুরক্ষা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখাই এই নতুন নির্দেশনার মূল লক্ষ্য।