ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে বাড়ি ধস: বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ে শহরের রু পল-ভেরলেন এলাকায় অবস্থিত একটি প্যাভিলিয়ন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে, যার ফলে হতাহতের এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ ও লে প্যারিজিয়াঁ স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, গ্যাস লিক থেকেই এই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ববিনি প্রসিকিউটর অফিসের অধীনে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে ফরাসি দমকল বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও উদ্ধারকারী কুকুর কাজ করেছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এই উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশগ্রহণ করেন। ওভেরভিলিয়ের মেয়র সোফিয়েন কারুমি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে নিরলস কাজ করেছেন যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় এবং ধ্বংসস্তূপ থেকে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা যায়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাদের থাকার জন্য একটি পৌরসভা ভবনের কক্ষ এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম প্রস্তুত রাখা হয়েছে।