সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর শাখা চৈলতার ঢালা থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে মঙ্গলবার (২১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মামলার এজাহারে ২৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে চেলা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গত ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত একাধিকবার সরেজমিন পরিদর্শন করেন। এসব পরিদর্শনের সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় এই মামলাটি দায়ের করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় এই আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

