প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে এসেছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি সেনুয়া পারিবারিক গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
রোববার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আবেগাপ্লুত কণ্ঠে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মাটির সঙ্গে জীবনের সবকিছু জড়িয়ে আছে এবং এখানকার মানুষের ভালোবাসার ঋণ তিনি কোনোদিন শোধ করতে পারবেন না। তিনি নিজের জেলার মানুষের উদ্দেশে বলেন, মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক।
নিজের বক্তৃতায় মির্জা ফখরুল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জীবনের বিনিময়ে হলেও দেশের এই মৌলিক বিষয়গুলো রক্ষার চেষ্টা করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি ও সংঘাতের রাজনীতি পরিহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার পথে আসতে হবে। অতীতের অত্যাচার-নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আর মারামারি বা খুনোখুনি দেখতে চান না।
তরুণ প্রজন্মের উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার তাগিদ দেন এবং জেলার মানুষকে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু খাইরুল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, হুইপ আখতারুজ্জামান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন। এছাড়াও বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। প্রেসিডেন্টের আগমন ঘিরে পুরো ঠাকুরগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।

