নিখোঁজ সন্তানদের সন্ধানে আকুতি মা–বাবার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার আশায় এক বুক কষ্ট নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মা স্বপ্না আক্তার। রাজধানীর পল্লবীতে সপরিবারে বসবাসকারী স্বপ্না আক্তারের তিন বছর বয়সী মেয়ে রূপা আক্তার গত বছরের ২৯ আগস্ট বাসার সামনে থেকে নিখোঁজ হয়। সিসিটিভি ফুটেজে এক তরুণকে রূপাকে নিয়ে যেতে দেখা গেলেও এক বছরেও মেলেনি তার কোনো সন্ধান। অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে স্বপ্না আক্তার বলেন, তিনি তাঁর ভিটেবাড়ি পর্যন্ত দিয়ে দেবেন যদি কেউ তাঁর সন্তানকে খুঁজে এনে দিতে পারেন। তিনি আরও বলেন, মৃত্যুর আগে একবার হলেও সন্তানকে দেখে যেতে চান।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বপ্না আক্তারের মতো আরও ৪০টি পরিবারের অভিভাবকেরা তাঁদের হারিয়ে যাওয়া সন্তানদের কথা তুলে ধরেন। নিখোঁজ শিশুদের পরিবারের উদ্যোগে ও জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেকের হাতে ছিল হারিয়ে যাওয়া সন্তানের ছবিসহ প্ল্যাকার্ড। কারও প্ল্যাকার্ডে লেখা ৩৭০ দিন বা ৮ দিন ধরে নিখোঁজ, কারও প্ল্যাকার্ডে লেখা ৬,৫৫৩ দিন ধরে নিখোঁজ। কেউ কেউ বছরের পর বছর ধরে সন্তানদের খুঁজে বেড়াচ্ছেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরা তাঁদের সন্তানদের খুঁজে পেতে প্রধানমন্ত্রীর কাছে জোরালো আহ্বান জানান। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৮টি শিশু এখনো নিখোঁজ রয়েছে। এর মধ্যে খাদিজা ১ হাজার ৯৭৪ দিন ও গনেশ ৩৩৩ দিন ধরে নিখোঁজ। মুক্তিপণের টাকা নিয়ে গিয়েও মেয়ে মানতাশাকে (৮) উদ্ধার করতে পারেননি দিনাজপুরের মনিরুজ্জামান মনি। ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি শিশু নিখোঁজের জিডি হয়েছিল।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে রাজবাড়ীর সপ্তম শ্রেণির ছাত্র মো. তামিম ওরফে আবদুল্লাহ, যে গত বছরের ২০ মে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। তার বাবা নজরুল ইসলাম জানান, তিনি সন্তানের সন্ধানে কবিরাজ থেকে শুরু করে সম্ভাব্য সব জায়গায় চেষ্টা করেছেন। একইভাবে নবাবগঞ্জের দোহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু মো. তোহা আদনানের মা তহুরা ইসলাম এবং আড়াই বছর আগে নিখোঁজ হওয়া সামিয়ার মা চম্পা বেগমও তাঁদের সন্তানকে ফিরে পেতে আকুতি জানান। চম্পা বেগম জানান, তিনি নিজের সন্তানকে খুঁজে পেতে যশোরে গিয়েও পুলিশের সহযোগিতা পাননি।

জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের সভাপতি মো. সাদাত রহমান জানান, ২০২৪ সালে সিলেটে শিশু মুনতাহা নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থার দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় ‘মুন অ্যালার্ট’ ও টোল হেল্পলাইন ১৩২১৯-এর পাইলট কার্যক্রম চলছে। অনুষ্ঠানে নিখোঁজ শিশুদের উদ্ধার, অমীমাংসিত ঘটনার পুনঃ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তার দাবি জানানো হয়।