কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন ও এর আশপাশের বিভিন্ন রেলওয়ে কলোনিতে মিটারবিহীন অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার এবং এসব সংযোগের বিপরীতে মাসোয়ারা আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ঢাকা রেলওয়ে বৈদ্যুতিক বিভাগের জ্যেষ্ঠ সহকারী কার্য প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটি খুব দ্রুতই সরেজমিন পরিদর্শন করে অভিযোগগুলো খতিয়ে দেখবে এবং প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
রেলওয়ে সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভৈরব রেলওয়ে জংশন ও সংলগ্ন এলাকায় মিটার ছাড়াই শত শত বাসা ও দোকানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে রেলওয়ে যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি অননুমোদিত সংযোগের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ভৈরব-কিশোরগঞ্জ, ভৈরব-নরসিংদীর খানাবাড়ি এবং ভৈরব-আশুগঞ্জ রেলপথ সংলগ্ন এলাকায় কয়েকশ আবাসিক কোয়ার্টার রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) মোহাম্মদ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সংযোগ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ভৈরব রেলওয়ের নিজস্ব কোয়ার্টার, ফেরিঘাট কলোনি, চণ্ডীবের কলোনি ও সুইপার কলোনির মিটারবিহীন বাসাগুলোতে শুধু ফ্যান-বাতি নয়, বরং ফ্রিজ, টেলিভিশন ও হিটারের মতো উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, ২০১৮ সাল থেকে ভৈরবে কর্মরত মোহাম্মদ আল মামুনকে ঘিরে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের লাইনম্যান মনিরের মাধ্যমে প্রতিটি সংযোগের বিপরীতে মাসে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত মাসোয়ারা আদায় করা হয়। এছাড়া প্রকৌশলী মোহাম্মদ আল মামুনের বিরুদ্ধে অধীনস্থ কর্মীদের সাথে অসদাচরণের অভিযোগও রয়েছে। এর প্রতিবাদে কয়েকজন রেলকর্মী তাঁর অধীনে কাজ করতে অস্বীকৃতি জানিয়ে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন। তবে এসব অভিযোগের কোনোটি এখনো প্রমাণিত হয়নি।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আল মামুনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ঢাকা বিভাগের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শাকের আহমেদ বলেন, রেলওয়ের বিদ্যুতের অবৈধ সংযোগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি মিটারবিহীন সংযোগের সংখ্যা, বিদ্যুৎ ব্যবহারের ধরন, সংযোগ দেওয়ার প্রক্রিয়া এবং আর্থিক লেনদেনের অভিযোগসহ সার্বিক বিষয় তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই অননুমোদিত সংযোগের প্রকৃত চিত্র এবং এর সাথে জড়িতদের পরিচয় ও রাজস্ব ক্ষতির পরিমাণ জানা সম্ভব হবে।
২০২৪ সালে কয়েক মাসের জন্য আখাউড়ায় দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল বলেও দাবি সংশ্লিষ্টদের।
পরে ২০২৫ সালে পুনরায় ভৈরবে যোগ দেওয়ার পর অবৈধ বিদ্যুৎ সংযোগের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

