ধর্ষণের অভিযোগে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস

ধর্ষণের অভিযোগে ইংল্যান্ডে আইনি জটিলতায় পড়েছেন কাউন্টি ক্লাব এসেক্সের বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস। এই শ্লীলতাহানির মামলায় আগামী ৯ অক্টোবর তাকে ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের পরপরই এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

মেট্রোপলিটন পুলিশ ও এসেক্স ক্লাব রবিন দাসের বিরুদ্ধে আনা এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ওয়াল্টাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই ধর্ষণের অভিযোগে মামলা গঠন করা হয়। এর আগে, ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এসেক্স ক্লাব সূত্রের খবর অনুযায়ী, চলতি মৌসুমের ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে নিজের একমাত্র ম্যাচটি খেলার ঠিক দুই দিন পর, ২৩ জুলাই রবিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পরই ক্লাব কর্তৃপক্ষ তাকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এসেক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, একটি ব্যক্তিগত বিষয়ের জেরে তাদের একজন খেলোয়াড় আদালতে হাজিরা দিয়েছেন। তবে আইনি প্রক্রিয়া চলমান থাকায় এই মুহূর্তে তারা বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রবিন দাসের বাবা মৃদুল দাশের জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং সেখানেই রবিনের জন্ম হয়। ২০২০ সালে এসেক্সের হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক ঘটে রবিনের। কাউন্টি দলটির হয়ে তিনি এ পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০২৩ সালে আয়ারল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। একই মৌসুমে এসেক্স দল টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে উঠলেও এজবাস্টনে সমারসেটের কাছে পরাজিত হয়েছিল।