উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারিয়ে মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াসের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে রান তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার এই বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন প্রিটোরিয়াস। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৫১ বলে ৯৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ১৮৪.৩১ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া প্রিটোরিয়াসকে শুরুতেই দারুণ সঙ্গ দেন জর্ডান হারম্যান। এই দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৬৮ রান, যেখানে হারম্যান ২৫ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৮ রান করে ৭.৪ ওভারে বিদায় নেন।
হারম্যানের বিদায়ের পর ডেওয়াল্ড ব্রেভিসকে সঙ্গে নিয়ে রানের গতি সচল রাখেন প্রিটোরিয়াস। ব্রেভিস ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪১ রান করে ১৫.২ ওভারে আউট হন, তখন দলের রান ছিল ১৫৪। তবে শেষ ৫ ওভারে নিয়মিত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ১৬.১ ওভারে কনর এস্টারহুইজেন ২, এরপর রুবিন হারম্যান ১ এবং এথান বোশ ৩ রান করে সাজঘরে ফেরেন। ১৮.৬ ওভারে প্রিটোরিয়াস আউট হওয়ার পর শেষ ওভারে রানআউট হন অধিনায়ক বিজর্ন ফোর্টুইন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ওয়েসলি মাধেভেরে; তিনি ৩ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া ব্র্যাড ইভান্স ৩৩ রানে ২টি এবং নিউম্যান নিয়ামহুরি ১টি উইকেট শিকার করেন।
১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় মাত্র ৩৩ রানের মধ্যে প্রথম সারির তিন ব্যাটারকে হারায় তারা। প্রথম দুই ওভারের মধ্যে বেন কারান বিদায় নেওয়ার পর ব্রায়ান বেনেট ও মাধেভেরেও প্যাভিলিয়নে ফেরেন। এরপর ইনোসেন্ট কাইয়া ১৮ রান করে আউট হলে ৪৩ রানে ৪ উইকেট হারায় দলটি। সেখান থেকে অধিনায়ক সিকান্দার রাজা প্রতিরোধের চেষ্টা করলেও অন্য প্রান্তের ব্যাটারদের ব্যর্থতায় তা কাজে আসেনি। রায়ান বার্ল ও তাদিওয়ানাশে মারুমানি উভয়েই দলীয় ৫১ রানে এবং ব্র্যাড ইভান্স ৫৪ রানে আউট হলে ১০ ওভারের আগেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে।
অধিনায়ক রাজা একপ্রান্ত আগলে রেখে ৩৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৫ রানের ইনিংস খেললেও ১৩.২ ওভারে ১০৫ রানের মাথায় তার বিদায়ের পর জিম্বাবুয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। শেষদিকে নিউম্যান নিয়ামহুরির ২৫ বলে ২৭ রান, ওয়েলিংটন মাসাকাদজার ৭ বলে ১১ এবং কুন্দাই মাতিগিমুর ৭ বলে অপরাজিত ১১ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে অধিনায়ক বিয়র্ন ফর্টুইন ৩.৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া ডুয়ান ইয়ানসেন ৪ ওভারে ২১ রানে ৩টি এবং প্রেনেলান সুব্রায়েন ১টি উইকেট লাভ করেন।

